উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসকদের পাঠানো ওই পরিপত্রে বলা হয়েছে, নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে এই ডিভাইস স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি অফিসে স্বচ্ছতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিয়েছে।
পরিপত্রে আরও বলা হয়, সাধারণ মানুষ যাতে যথাসময়ে ভূমি সেবা পেতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি। এ কারণেই বায়োমেট্রিক ডিভাইস স্থাপন ও এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনারদেরও (ভূমি) পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের এই পদক্ষেপের ফলে মাঠ পর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়মতান্ত্রিক হবে এবং সাধারণ মানুষের হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।