উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আপাতত বাড়ছে না বিস্কিট ও ব্রেডসহ বেকারি পণ্যের দাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ী নেতারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখতে সম্মত হয়েছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের মূল্য, কর ও শুল্কসহ প্রাসঙ্গিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে জনস্বার্থ ও ভোক্তাদের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা হবে। একইসাথে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সব পক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন। কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।