উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোটরসাইকেল চালক রাজীব এবং ব্যাগ ধরে টান দেওয়া খোকন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানী ও তার আশপাশ থেকে প্রথমে খোকন ও পরে রাজীবকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সুজুকি জিক্সার এস এফ মোটরসাইকেল, ওই শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৯ আগস্ট ভোরের দিকে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান ৫৫ বছর বয়সী শিক্ষিকা রনজিলা পারভীন। তিনি বগুড়া থেকে রাজধানীর ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে তার ব্যাগ ধরে টান দিলে তিনি নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।