উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ এ ক্ষেত্রে নিরাপদ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো: রফিকুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের সার্সন রোডে বিপিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিপিসি চেয়ারম্যান বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর চেষ্টা করছে। তেল সংগ্রহ বা প্রকিউরমেন্ট বড় চ্যালেঞ্জ হলেও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া আগামী ডিসেম্বরে থার্ড টার্মিনাল চালু হলে সেখানে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না।
ড. রফিকুল ইসলাম জানান, গত মার্চ থেকে জুলাই পর্যন্ত বেশি দামে তেল কিনে কম দামে বিক্রি করতে হয়েছে। এতে সরকারকে প্রায় ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে এবং ডিসেম্বর পর্যন্ত আরও ১১ হাজার কোটি টাকা লাগতে পারে। আমদানি ব্যয়ের ওপর বড় চাপ থাকা সত্ত্বেও জনগণের সুবিধার্থে সরকার এই চাপ নিজের কাঁধে নিচ্ছে।
তিনি আরও জানান, দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ধরে রাখতে বেসরকারি খাতে পরিশোধিত তেল আমদানির জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। পাশাপাশি এলপিজি আমদানির কাজও চলমান রয়েছে এবং ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ বাল্ক সাইজের একটি বড় জাহাজ দেশে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।