উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করে রাখা মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে বারোটার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটের সামনে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে পার্কিং করা মিডলাইনের ওই বাসে (ঢাকা মেট্রো-ব -১১-৯৪২১) হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে যে দিনে বাসটির মেরামতের কাজ করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক বা ইঞ্জিনের ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে এই অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি আরও নিশ্চিত হতে পুলিশ ইতিমধ্যেই আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করেছে।