উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেকারি পণ্যের দাম আপাতত না বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উৎপাদন খরচ, কাঁচামালের দাম এবং কর ও শুল্কের বিষয়টি পর্যালোচনার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি জনস্বার্থ ও ভোক্তাদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
সভায় বাণিজ্য সচিব মো: আতাউর রহমান খান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূলত ভোক্তাদের স্বস্তি দিতেই বিস্কিট ও ব্রেডের দাম আপাতত অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।