উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
র্যাবের ক্ষমতা ও জনবল ব্যবহার করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠনের উদ্যোগ বন্ধের আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় বক্তারা এই নতুন বাহিনীকে গুম-খুনের নতুন বন্দোবস্ত হিসেবে আখ্যায়িত করেন।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, সেনাবাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে কাজ করানো সমীচীন নয়। তিনি অভিযোগ করেন, সরকার অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে নতুন করে জিজ্ঞাসাবাদের নামে বন্দিশালা তৈরি করছে।
জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, রাষ্ট্রের নিয়মিত বাহিনী থাকা সত্ত্বেও বিশেষ বাহিনী গঠনের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। ভয়ের সংস্কৃতি কাটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন লড়াইয়ের ডাক দেন তিনি। সাবেক আইজিপি বাহারুল আলম সভায় বলেন, এসআরবিকে র্যাবের চেয়েও শক্তিশালী করার চেষ্টা চালানো হচ্ছে, যা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ।
সভায় উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে এসআরবি গঠন বন্ধ করা, প্রতিরক্ষা বাহিনীকে বিতর্কিত কাঠামোয় ব্যবহার না করা এবং গুম-বিচারবহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্ত। এছাড়া প্রতিটি গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ জবাবদিহিমূলক করা এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর বেসামরিক নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।