উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ কোরিয়ার সিউলে শুরু হওয়া তিন দিনব্যাপী গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স-জিআইসিসি-২০২৬ এ অংশ নিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই সম্মেলনের আয়োজক দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব কোরিয়া।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘এআই-এর মাধ্যমে উন্মুক্ত বৈশ্বিক অবকাঠামো প্রকল্পে সহযোগিতা’। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম টেকসই, আধুনিক ও জলবায়ু সহনশীল অবকাঠামো বিনির্মাণে আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবনী সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমন্বিত, কার্যকর ও স্বল্প-কার্বন নিঃসরণকারী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। অবকাঠামো উন্নয়নে দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য অংশীদারের সঙ্গে সরাসরি বিদেশি বিনিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।