উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও ইন্সপেক্টর জেনারেল অব মিশন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই দুই দিনের সফরে প্রতিনিধিদলটি হাইকমিশনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
হাইকমিশনে পৌঁছালে প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। এ সময় দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা, উপহাইকমিশনার, প্রেস কাউন্সিলরসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন অর্থ বিভাগের উপসচিব আব্দুল মান্নান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাফকাত মোশাররফ। তারা ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে অবস্থিত বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন এবং হাইকমিশন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।