উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হজযাত্রীদের কোনো ধরনের অবহেলা বা জুলুমের শিকার হওয়া থেকে রক্ষা করতে হজ এজেন্সিগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার সচিবালয়ে ২০২৭ সালের হজ কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী বলেন, আল্লাহর মেহমান হজযাত্রীরা আমাদের সবার দায়িত্ব। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং সৌদি আরবের বিধিবিধান যথাযথভাবে মেনে হজ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
কোনো কাজে ভুলত্রুটি হলে একে অপরকে দোষারোপ না করে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান মন্ত্রী। এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো জরুরি কাজ বা সিদ্ধান্তের জন্য কেউ এলে তা ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং কাউকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার জানান, সৌদি সরকারের প্রাথমিক নির্ধারণ অনুযায়ী বাংলাদেশের হজ কোটা ৭৮ হাজার ৫০০ জন। সরকারি ব্যবস্থাপনার কোটা বাদ দিয়ে অবশিষ্ট অংশ বেসরকারি হজ এজেন্সিগুলোর মধ্যে বণ্টন করা হবে।