উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে একই দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপারদের মধ্যে গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলের নাফিছুর রহমানকে র্যাবে, কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলে এবং নৌ পুলিশের মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আজিজুর রহমান খানকে খুলনার রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৭ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।