উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সম্পত্তি হস্তান্তর বিল দ্রুত সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। অন্যথায় এই ইস্যুকে কেন্দ্র করে দেশে অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠকে মামুনুল হক বলেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কার পরামর্শে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা তাদের বোধগম্য নয়।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মামুনুল হক বলেন, অল্প সময়ের মধ্যেই তেল-গ্যাস ও বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা অনিয়ম-দুর্নীতিতে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর মধ্যে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন বিতর্কিত আইন প্রণয়নের উদ্যোগ অত্যন্ত হতাশাজনক ও আত্মঘাতী।
প্রশাসন থেকে দুর্নীতি ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় পরিচয়ের প্রভাব কঠোর হাতে দমন করা না হলে রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠবে। জনগণ পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চায় না। সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় ভবিষ্যতে নতুন গণ-আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে।
বৈঠকে সংগঠনের নায়েবে আমির মুফতি সাঈদ নূর, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মুফতি শরাফত হোসাইনসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা বক্তব্য দেন।