উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার কনস্টেবল মো. সাজবীর জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নিতে সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।