উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার বছর বয়সি তাসমিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা ১৩ জন।
প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনেই ১ হাজার ১২ জন রোগী শনাক্ত হয়েছেন এবং আটজনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৬৪ জন, নারী ৮৫৪ জন এবং শিশু ৬৩০ জন।
উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সবচেয়ে বেশি ৪১৫ জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান জানান, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা জরুরি। তিনি আতঙ্কিত না হয়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।