উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, এম এন লারমা তাঁর সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। ‘জাত্যভিমানী সংবিধানের খেরোখাতায় মানবেন্দ্র নারায়ণ লারমার সংবিধান দর্শন’ শীর্ষক এই সভার আয়োজন করে বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উদ্যাপন কমিটি–২০২৬।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আমেনা মহসিন বলেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় এম এন লারমা ভিন্ন জাতির প্রতিনিধি হিসেবে একাই নিজেদের অধিকারের কথা তুলে ধরেছিলেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে লারমার সংবিধান দর্শন পর্যালোচনা করা অত্যন্ত জরুরি।
গবেষক পাভেল পার্থ মূল প্রবন্ধে বলেন, লারমার দর্শনে শোষিত-নিপীড়িত জনগোষ্ঠী, পরিবেশ-প্রতিবেশ এবং নারী অধিকারের যে বৈজ্ঞানিক বহুত্ববাদী রূপরেখা ছিল, তা বর্তমান সময়েও সমান প্রাসঙ্গিক। সভায় বক্তারা অভিযোগ করেন, নানা ন্যারেটিভ তৈরির মাধ্যমে রাষ্ট্র আদিবাসীদের অধিকারকে অস্বীকার করে ঔপনিবেশিক শাসন দীর্ঘস্থায়ী করতে চায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গবেষক ঈশিতা দস্তিদার, দীপায়ন খীসা, মেইনথিন প্রমীলা, ফিরোজ আহমেদ ও মারুফ মল্লিক। সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব মনিরা ত্রিপুরা।