উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, আগামী ৫০ থেকে ১০০ বছর পর বাংলাদেশ এমন একটি দেশে পরিণত হবে, যেখানে বিশ্বের মানুষ শিক্ষা, চিকিৎসা ও গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে জানতে আসবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই সভাপতি আশা প্রকাশ করেন, আইনের শাসন ও অর্থনৈতিক অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে বাংলাদেশ।
নওশাদ জমির বলেন, গণতন্ত্রের সমালোচনা থাকা মানেই এর বিপক্ষে অবস্থান নয়। তিনি প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টনের ওপর জোর দিয়ে বলেন, কাগজে-কলমে প্রতিষ্ঠানের চেয়ে বাস্তবে গণতান্ত্রিক অনুশীলনের চর্চা বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ব্যক্তিগত অবস্থান নেওয়ার তাগিদ দিয়ে নওশাদ জমির বলেন, ঘুস না দেওয়ার মতো সাহস আমাদের তৈরি করতে হবে। তিনি আরও বলেন, দেশের ক্রিকেট দলের জয়ের মতো সব ক্ষেত্রে ‘বাংলাদেশকে জিততে হবে’—এমন মানসিকতা গড়ে তুলতে পারলে বিশ্ব একদিন বাংলাদেশকে উদাহরণ হিসেবে দেখবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, ডা. মনীষা চক্রবর্তী, ডা. তাসনিম জারা এবং টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।