উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও আগামী ২৪ ঘণ্টায় গড়াই নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা এবং উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি কিছুটা কমেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙা নদীর পানি কমলেও পরবর্তী ২৪ ঘণ্টায় গড়াইয়ের পানি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে তিস্তা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে, তবে ধরলা ও দুধকুমার নদের পানি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।