উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় মঙ্গলবার দুপুরে মো. ফরহাদ হোসেন নামে এক কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বন্ধু সাকিব জানান, বসিলা ব্রিজ সংলগ্ন একটি সেলুনের সামনে চুল কাটাতে গেলে সাব্বিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ফরহাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা ফরহাদ পেশায় মাছ ও কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকাতেই বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে আরমান শাহরুখ গ্রুপ এবং পাটালি গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহত ফরহাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে এবং কিছুদিন আগেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।