উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো ও নগরায়ণ প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা আনার লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাথে বৈঠক করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিডিএ ভবনে সংস্থার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে প্রতিনিধিদলের এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা, পর্যটন অবকাঠামো এবং পরিবেশবান্ধব নগর উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। জাপানি সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পগুলোতে বিনিয়োগ ও কারিগরি সহায়তার বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে।
নিউভিশনের প্রতিনিধিরা জানান, জাপানের শীর্ষস্থানীয় নির্মাণ ও উন্নয়ন সংস্থাগুলোর সাথে তাদের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে। মেগা প্রকল্পে তাদের লজিস্টিকস সহায়তার অভিজ্ঞতা চট্টগ্রামের উন্নয়নে কাজে লাগানো সম্ভব বলে তারা আশা প্রকাশ করেন।
সিডিএ চেয়ারম্যান জানান, পিপিপি বা সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জাপানি প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার ও অনুকূল পরিবেশ দিতে সিডিএ প্রস্তুত। বৈঠকে সিডিএর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।