উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আনোয়ারায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৪ সেপ্টেম্বর রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের হোসেন বিল্ডিংয়ের চতুর্থ তলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। মনোয়ারা বেগম চাতরী ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকার মৃত হোসেন কন্ট্রাক্টরের স্ত্রী।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার সময় বাসায় তিনি একাই ছিলেন। রাতে এক ছেলে মাকে দেখতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সিলিংয়ের সঙ্গে নাইলনের রশিতে তাকে ঝুলতে দেখেন স্বজনেরা।
দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থل থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছে। তিনি আরও জানান, ওই নারী আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।