উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্রান্সের জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম প্রধান তারকা কিলিয়ান এমবাপে। মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠেছেন তিনি। গত লা লিগা মৌসুমেও তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা।
তবে রক্ষণে নেমে দলের কাজে সহযোগিতা না করার অভিযোগে মাঝেমধ্যেই সমালোচিত হতে হয় তাকে। এবার সেই সমালোচনা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। এমবাপে জানিয়েছেন, সমালোচনা নিয়ে তিনি খুব একটা ভাবেন না এবং নিজের দায়িত্ব পালন করাই তার কাছে গুরুত্বপূর্ণ।
মাঠে তাকে রক্ষণভাগে দেখা যায় না, এমন সমালোচনা নিয়ে ফ্রান্স ফুটবলকে এমবাপে বলেন, আমি মনে করি না এটা স্বাভাবিক, কিন্তু বছরের পর বছর ধরে যারা উৎকর্ষের শিখরে আছে তাদের জীবন তো এমনই। তিনি বলেন, আমি যদি গোল না করি, লোকেরা প্রশ্ন করবে আমি কেন গোল করছি না, কারণ সবাই জানে আমার সামর্থ্য কী।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন এমবাপে। এ প্রসঙ্গে তিনি বলেন, সবারই দেখার ভিন্ন চোখ আছে, কিন্তু আমি মনে করি ফুটবলের লক্ষ্যই হলো গোল করা, প্রতিপক্ষের চেয়ে একটি বেশি। যে খেলোয়াড় গোল করে সে কখনও দলের জন্য সমস্যা হবে না, কারণ আমি কখনও দেখিনি একটি দল শূন্য গোলে শিরোপা জিতেছে।
সমালোচনা তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না বলেও জানিয়েছেন সাবেক পিএসজি তারকা। এমবাপের ভাষায়, আমি মনে করি সমালোচনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, কারণ কিছু গঠনমূলক সমালোচনা আছে এবং কিছু উদ্ভট সমালোচনাও। এটা এমন কিছু না যে আমাকে আতঙ্কিত করে, যখন আমাকে সিদ্ধান্ত নিতে হয়, কোনো দ্বিধা ছাড়াই আমি সামনে এগিয়ে যাই।