উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকায় যানজট নিরসনে সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে উদ্ভূত যানজট রোধ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বাস স্ট্যান্ডগুলোর শিফটিং এবং শহরের বাইরে বাস স্ট্যান্ড নিয়ে যাওয়ার মতো সিদ্ধান্তগুলোর জায়গা নির্ধারণ করা হয়েছে। এগুলো অ্যাকুইজিশন ও ডেভেলপমেন্টের মাধ্যমে দৃশ্যমান হতে সময় লাগবে, তবে পরিকল্পনা এখন ফাইনালাইজ করা হচ্ছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনটি মাঝেমধ্যে ফজরের নামাজের পর বা জুমার নামাজ আদায় করার নাম করে অল্পসংখ্যক লোক নিয়ে অপতৎপরতা চালায়। গুলশানের ঘটনার বিষয়ে তিনি জানান, পুলিশ বাহিনী শুক্রবারে আন্দাজ করতে না পারলেও পরবর্তীতে এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটিকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নেই।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইন ও সংবিধান অনুযায়ী কাজ করে এবং জাতীয় বা রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও আইনে প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করে। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুসারে হবে এবং সরকারের সঙ্গে আলাপ-আলোচনা ব্যতিরেকে তা করার সুযোগ নেই। নির্বাচন কমিশন যে সম্ভাব্য সূচি বা টেন্টেটিভ পরিকল্পনা দিয়েছে, মিডিয়াতে তা অন্যভাবে স্ক্রল করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।