উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভায় তিনি এই কথা বলেন। সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে।
সভায় পিএসসির ভূমি ব্যবহার, গবেষণা সেন্টার স্থাপন, পদোন্নতিতে প্রশিক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব এবং মাস্টার্স কোর্স চালুকরণসহ নানা বিষয়ে আলোচনা হয়। বর্তমানে পুলিশ বাহিনীতে আইটি ব্যাকগ্রাউন্ডের সদস্যদের দক্ষতাকে কাজে লাগিয়ে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, মাস্টার ট্রেইনারদের দক্ষ করে তুলতে অভ্যন্তরীণ ট্রেনিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুবিধা বাড়ানো প্রয়োজন।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন।