উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে আজ তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সচেতন গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে তারা অবস্থান নেন এবং মতিঝিল দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ার থেকে মিছিল সহকারে সকাল ১০টার সময় টাওয়ারের সামনে আসেন।
এর আগে গতকাল সোমবার অবস্থানের দ্বিতীয় দিনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ৫৫ জন আহত হওয়ার পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া যায়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ ব্যাংকটির চারপাশে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও নিজস্ব সিকিউরিটির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অশুভ তৎপরতার বিরুদ্ধে গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ফেরাতে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং এস আলম গ্রুপের পাচার করা সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ব্যাংক কোম্পানি আইনের ১৪ খ ধারা অনুযায়ী এস আলম গ্রুপের অবৈধ শেয়ার বাজেয়াপ্ত করে তা বিক্রি বা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।