উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের দেওয়া ভাষণে জলবায়ু পরিবর্তনের কথা থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী নভেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এ অংশ নিয়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পাটজাত পণ্যের উপকারিতাও তুলে ধরবেন তিনি। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিগত সরকারের কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল না উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে বলেই পররাষ্ট্র মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তনের ওপর একটি আলাদা উইং খুলেছে। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি এবং জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তার দেশটিতে অবস্থান করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং আগামী নভেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এ অংশ নেওয়ার কথা রয়েছে। কপে যাওয়ার কারণ তুলে ধরে শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ভিকটিম হয় নারী ও শিশুরা, যাদের জন্য আমাদের করণীয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে। বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে এবং প্রধানমন্ত্রী ইতোমধ্যে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি শুরু করেছেন যা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সহায়তা করছে।