উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে, তা একেবারেই প্রাথমিক সময়সূচি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ১৭ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে গতকাল সোমবার সাত দফায় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, এ ব্যাপারে সরকার কিছু জানে না এবং সরকারের সঙ্গে ইসির কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে এটি নিশ্চিত, তবে কবে এবং কোন পদ্ধতিতে হবে তা নিয়ে কমিশনে দুই দিন ধরে প্রাক্-প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের বিষয়ে কোনো পাল্টা মন্তব্য করতে রাজি হননি ইসি সচিব। মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর প্রয়োজনীয় ইনপুট পাওয়ার ভিত্তিতে কমিশন বিস্তারিত জানাবে।