উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে গোল করার মাধ্যমে প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেসের পাশে নিজের নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের ১৪ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ৯৯ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ৭১-এ। স্প্যানিশ কিংবদন্তি রাউল ১৪২ ম্যাচে ৭১ গোল করেছিলেন, যেখানে এমবাপ্পে ৪৩ ম্যাচ কম খেলেই এই মাইলফলকে পৌঁছালেন।
রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ফেদেরিকো ভালভের্দে। ২৩ মিনিটে ইন্টারের গোলরক্ষক হোসে মার্তিনেজের ভুল থেকে বল কেড়ে নিয়ে সহজেই তা জালে জড়ান তিনি। দুই গোলে পিছিয়ে পড়ার পর ইন্টার সমতায় ফেরার চেষ্টা চালায় এবং ৭৭ মিনিটে কার্লোস অগুস্তো একটি গোল শোধ করেন।
ম্যাচটিতে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার চ্যাম্পিয়ন্স লিগে ১০০তম উপস্থিতি ছিল। তিনি ইন্টারের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পের সামনে এখন আছেন রোনালদো, মেসি, লেভানডভস্কি ও বেনজেমা।