উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অতীতে যাঁরা দেশের সরকারের নেতৃত্বে ছিলেন, তাঁদের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, এর ফলে সমাজে বঞ্চনা, হাহাকার, বিশৃঙ্খলা, বৈষম্য, অবিচার, দমন-পীড়ন এবং মানুষের জীবন ও সম্পদের ওপর আঘাত অহরহ ঘটেছে।
সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, মেধা, দক্ষতা ও নৈতিকতার সঙ্গে নিজেদের গড়ে তুলতে পারলে শিক্ষার্থীদের মাধ্যমেই আগামীতে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
শফিকুর রহমান আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে সমাজে চলমান চাঁদাবাজি, ধান্দাবাজি ও অসততার প্রতিযোগিতা বন্ধ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুর রহমান মূসা, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।