উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে শহীদ মইন হোসেন রাজুর ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে ফেলা এবং ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ‘মব সন্ত্রাস’ হিসেবে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার বিকেলে ডাকসু ভবনের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তিনটি বাম ছাত্রসংগঠন।
মানববন্ধনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)। কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ বলেন, তৎকালীন ছাত্রলীগ ও ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে শহীদ হয়েছিলেন রাজু। সংগ্রহশালা থেকে রাজুর ব্যবহৃত ব্যাগ, রংতুলি ও ডায়েরি বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বাহাউদ্দীন শুভ অভিযোগ করেন, সংগ্রহশালায় গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ‘মব ভায়োলেন্স’ বা মব সন্ত্রাস হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় এক শিশুর মুষ্টিবদ্ধ হাতের ছবিকে ‘টোকাই’ হিসেবে দেখানো হয়েছে। তিনি সংগ্রহশালার ঐতিহাসিক জিনিসের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ইতিহাস বিকৃতির বিষয়গুলো অপসারণের দাবি জানান।
মানববন্ধনে অংশ নিয়ে মুক্তা বাড়ৈ বলেন, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন সাজার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের আন্দোলন গড়ে উঠেছিল। সংগ্রহশালায় সেই ছবি ব্যবহার করে আন্দোলনটিকে ‘মব সন্ত্রাস’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।