উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
একটি মাত্র ইউনিক আইডির মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা করছে বর্তমান সরকার। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ডিজি ইনফোটেক লিমিটেড এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে আয়োজিত ‘ইউএপি ওয়ান কার্ড উদ্বোধন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ কথা জানান।
উপদেষ্টা বলেন, একেকটি কাজের জন্য আলাদা পরিচয়পত্র তৈরি না করে একটি ইউনিক আইডির মাধ্যমেই নাগরিকদের সেবাদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউএপির এই পাইলট প্রকল্পের অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ব্যবস্থা কেবল ক্যাম্পাসেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হবে।
যে কোনো বড় প্রকল্প বাস্তবায়নের আগে পাইলট প্রকল্পের মাধ্যমে তার কার্যকারিতা যাচাই ও ঘাটতি চিহ্নিত করার ওপর জোর দেন মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি ইউএপি ‘ওয়ান কার্ড’ কার্যক্রমটি প্রথমে একটি বিভাগে শুরু করে, পরবর্তীতে তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যান্য বিভাগেও তা পর্যায়ক্রমে চালু করার পরামর্শ দেন।
সরকারের সহযোগিতামূলক মনোভাবের কথা উল্লেখ করে তিনি জানান, গত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে এবং নির্বাচনি ইশতেহার অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বে এসব প্রতিষ্ঠানকে উৎসাহিত করা হচ্ছে। অনুষ্ঠানে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন।