উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের হোটেল ও রেস্তোরাঁগুলোকে খাবারের মান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ১০ দিনের সময় দিয়েছে জেলা প্রশাসন। এই সময়ের মধ্যে রান্নাঘর পরিষ্কার রাখা, কর্মীদের স্বাস্থ্যবিধি, স্যানিটেশন এবং খাবার সংরক্ষণের নির্ধারিত মান নিশ্চিত করতে হবে।
সোমবার জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশাসনের উদ্দেশ্য জরিমানা করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা নয়, বরং ঘাটতি সংশোধনের সুযোগ দিয়ে নিরাপদ খাবার নিশ্চিত করা।
জেলা প্রশাসক জানান, ১০ দিনের সময়সীমা শেষে ম্যাজিস্ট্রেট ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চারটি দল রেস্তোরাঁগুলো পরিদর্শন করবে। পরিদর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর মান যাচাই ও গ্রেডিং করা হবে। কোনো প্রতিষ্ঠান মান নিশ্চিত করতে ব্যর্থ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জেলা প্রশাসনের চলমান পরিচ্ছন্নতা কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে হোটেল-রেস্তোরাঁর মালিকেরা প্রতি শনিবার নিজ নিজ প্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও কাঙ্ক্ষিত মান নিশ্চিত না হওয়ায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।