উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডাকসুর সংগ্রহশালায় থাকা পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যাঁরা বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও এই ভূখণ্ডের স্বাধীনতার লড়াই সম্পর্কে অজ্ঞ এবং প্রথাগত দলীয় রাজনীতিতে অন্ধ, কেবল তারাই এমন আচরণ করতে পারেন।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার নামের এক শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, যে জিন্নাহ মাতৃভাষার বিরোধিতা করেছিলেন এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছিলেন, ডাকসুতে তাঁর কোনো স্থান হতে পারে না।
রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে গোলাম পরওয়ার আরও বলেন, রাজনীতিতে অপরিণতবোধ থাকলে এমন কাজ হয় যা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়। এছাড়া বিরোধী দলের লংমার্চ শান্তিপূর্ণ হওয়া নিয়ে সরকারের কিছু ব্যক্তি ঈর্ষাপরায়ণ হয়ে পড়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
লংমার্চের প্রয়োজনীয়তা প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, বিরোধী দলের দাবিগুলো মেনে নিলে লংমার্চের প্রয়োজন হতো না। প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সরকারে থাকলে লংমার্চের সমীকরণ বোঝা যায় না, কিন্তু বিরোধী দলে থাকলেই তা স্পষ্ট হয়।