উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের হালিশহর খোরশেদবাগ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে জনতা ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসাইনের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ইম্পিরিয়াল আরকিট ভবনের ওই ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি জনতা ব্যাংক লিমিটেডের মোহাম্মদপুর জিবি শাখার কর্মকর্তা ছিলেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। এতে দাপ্তরিক চাপ, ঋণ অনুমোদন সংক্রান্ত জটিলতা, বদলিজনিত মানসিক হয়রানি এবং পাওনা টাকা আদায় করতে না পারার আর্থিক সংকটের কথা উল্লেখ করেছেন তিনি। এছাড়া ২০২১ সালের একটি পুরোনো চেক সংক্রান্ত মামলার কারণেও তিনি দুশ্চিন্তায় ছিলেন বলে চিরকুটে জানিয়েছেন।
পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ পড়তে উঠে স্ত্রী শারমিন আক্তার তার স্বামীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে নিচে নামালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনাটি নিয়ে নিহতের স্ত্রী হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। হালিশহর থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, সুইসাইড নোটের সত্যতা ও মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।