উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশীদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের অষ্টম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে। এতে প্রতিদিন আট ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার ক্লাস হবে। এইচএসসি বা সমমান পাস ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো তরুণ-তরুণী অনলাইনে আবেদন করতে পারবেন। আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান ও ইংরেজি ভাষায় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, যার চূড়ান্ত ফলাফল ২৩ সেপ্টেম্বর প্রকাশিত হবে। আবেদনকারীদের পরীক্ষার তথ্য এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীদের প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা এবং তিন বেলা নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে এবং পরবর্তী সময়ে আয় বৃদ্ধির লক্ষ্যে মেন্টরিং সাপোর্ট দেওয়া হবে।