উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস এবং কলকাতার ছায়ানট যৌথভাবে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় কবিকে কালজয়ী হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নজরুলের সাহিত্যকর্মের সঙ্গে রাশিয়ান ও সোভিয়েত সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর সম্পর্ক বিদ্যমান, যার মূল সুর হলো স্বাধীনতা ও মানবমর্যাদা।
সাংস্কৃতিক এ আয়োজনে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যের পাশাপাশি রাশিয়ান ও সোভিয়েত সাহিত্যের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। রাশিয়ান ভাষা কোর্সের শিক্ষার্থীরা কবির কবিতা রাশিয়ান ভাষায় আবৃত্তি করে এক অনন্য পরিবেশ তৈরি করেন।
অনুষ্ঠানে ‘মেঘের ডমরু ঘন বাজে’ ও ‘এই রাঙা মাটির পথে’ গানের পাশাপাশি সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের শিক্ষার্থীদের দলগত নৃত্য পরিবেশিত হয়। এছাড়া ছায়ানটের উদ্যোগে নজরুলের কবিতা উপস্থাপন এবং বর্তমান বিশ্বে কবির প্রাসঙ্গিকতা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।