উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, পরিবেশবান্ধব ও উদ্ভাবনী উদ্যোগে এগিয়ে আসা তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেবে সরকার। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার এবং যেকোনো কার্যকর উদ্যোগের সম্ভাবনা যাচাই করে সরকার তাতে বিনিয়োগ ও সহায়তা করতে প্রস্তুত।
প্রতিমন্ত্রী জানান, দূষণ কমাতে ইটভাটায় ব্লক ব্যবহারের ক্ষেত্রে ভ্যাট ও করসহ বিভিন্ন সরকারি ক্রয় প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সঠিক ব্যবহার, মুনাফা, কর্মসংস্থান ও পরিবেশ—এই চারটি বিষয়কে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, কেবল পাওয়ারপয়েন্ট উপস্থাপনা নয়, বরং কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা ও অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ জানান, ২৮ বছরের কম বয়সি তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ‘উদ্যোগ’ প্রকল্প চালু হয়েছে। এর আওতায় সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে, যার মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান। এছাড়া স্থানীয় পণ্যকে বৈশ্বিক বাজারে তুলে ধরতে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ উদ্যোগ নিয়েও কাজ করছে সরকার।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে একটি ‘ল্যাবরেটরি’ হিসেবে উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও লবণাক্ততা সহনশীল ফসলের চাষসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকে পথ দেখাচ্ছে। জলবায়ু তহবিল থেকে অর্থায়ন নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় যেকোনো উদ্ভাবনী প্রচেষ্টায় সরকার সক্রিয়ভাবে সহযোগিতা করবে।