উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন রোগী।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসের ১৩ দিনেই মারা গেছেন ৬০ জন। এছাড়া আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে চারজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৮২ জন এবং মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪৯ হাজার ৩৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭০১ জন রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৯১ জন করে, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং রাজশাহী বিভাগে ৪৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।