উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ত্বরান্বিত করে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে এই দ্বিপক্ষীয় আলোচনা হয়।
সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এই বৈঠকে অংশ নেন। সেখানে প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী দ্রুত বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।
বৈঠকে মন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন করার ওপর জোর দেন। এ সময় রোসাটমের মহাপরিচালক প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।