উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশু উদ্ধার হলেও এখনো ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিএইচআরএফ-এর চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান বলেন, নিখোঁজের প্রতিটি ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। পারিবারিক বিরোধ, দারিদ্র্য বা সামাজিক নিরাপত্তাহীনতার পাশাপাশি অপহরণ ও পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে তদন্ত করার আহ্বান জানান তিনি।
সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে একটি সমন্বিত জাতীয় ডাটাবেজ তৈরির ওপর জোর দিয়েছেন। এছাড়া শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এবং অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে বিএইচআরএফ।