উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, বিদেশিদের বৈধতা, অবস্থান এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। খুলশীতে ২৫ জন অবৈধ বিদেশি গ্রেপ্তারের পর সীতাকুণ্ড, আনোয়ারা ও জোরারগঞ্জসহ বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
দীর্ঘদিন ধরে অপরাধীদের নিয়ন্ত্রণে থাকা জঙ্গল সলিমপুরের পরিস্থিতি নিয়েও কথা বলেন পুলিশ সুপার। তিনি জানান, গত ৯ মার্চ যৌথ অভিযানের পর সেখানে দুটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং গত দেড় মাসে ৭৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী সড়ক নির্মাণের কাজ শেষ করলে আগামী এক মাসের মধ্যে এলাকাটি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ সুপার আরও জানান, পটিয়া, ফটিকছড়ি ও কদমরসের পাহাড়ি এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। ফটিকছড়িতে অভিযান চালিয়ে গলাকাটা মোবারক, টেস্টার মোবারক ও দাবাহারুনসহ শীর্ষ পাহাড়ি অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। পাহাড়কে আস্তানা বানিয়ে কাউকে অপরাধ করার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।