উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে স্থানীয় সরকারের এই বড় নির্বাচনী উৎসব। মোট সাতটি ধাপে এই নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ ২৭ মে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সার্বজনীন করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে কমিশন। এই ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে তৃতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।