উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র কেবল সরকার গঠনের কোনো সাময়িক প্রক্রিয়া নয়। এটি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মূল ভিত্তি।
তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের কবর রচনা করে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণ করেছিল। তবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করে দিয়েছে।
আমিরে জামায়াত আরও বলেন, এই বিপ্লব কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৈষম্যমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামী দেশে সমতা, আইনের শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে বলে জানান ডা. শফিকুর রহমান। তিনি প্রশাসনকে দলীয়করণমুক্ত করে দুর্নীতি ও দখলদারিমুক্ত স্বচ্ছ শাসনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।