উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. জামসেদ হোসেন প্রকাশ শুভ, মো. শরিফুল ইসলাম প্রকাশ জনি, সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিঞা, আসিফ মাহমুদ প্রকাশ অভি, ইসমাইল হোসেন ও মো. মাশরাফি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাশরাফির বিরুদ্ধে আগে থেকে তিনটি চুরির মামলা রয়েছে।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, জেলা পুলিশের চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানের অংশ হিসেবে রোববার জোরারগঞ্জ থানা-পুলিশের একটি টিম এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি ঘর থেকে প্রথমে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে করেরহাট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।