উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। দীর্ঘ সাত মাস পর সুস্থ-সবল রায়হান ঘরে ফিরলেও তার ডান পা নেই এবং পেটে ও পিঠে রয়েছে অস্ত্রোপচারের দাগ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নোয়াপাড়া এলাকার অটোরিকশা চালক নাজিম উদ্দীনের ছেলে রায়হান।
গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে ঐতিহ্যবাহী চুনতি সীরাত মাহফিল এলাকায় এক পায়ে ভর দিয়ে ভিক্ষা করার সময় স্থানীয়রা তাকে চিনতে পারেন। স্থানীয় বাসিন্দা নুরুন্নবী ভিড়ের মধ্যে তাকে দেখে রায়হানের বাবাকে ফোন করে খবর দেন। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
শিশু রায়হান জানায়, চুল কাটার জন্য বের হয়ে সে কক্সবাজার যায় এবং সেখান থেকে ট্রেনের ছাদে চড়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। কমলাপুর থেকে কিছু লোক তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায় যেখানে আরও অনেক শিশু ছিল। এক রাতে ঘুমানোর পর সকালে সে দেখতে পায় তার একটি পা নেই এবং তাকে হুইলচেয়ারে বসিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হতো।
রায়হানের বাবা নাজিম উদ্দিন জানান, অভাবের কারণে নিখোঁজ হওয়ার পর তিনি থানায় কোনো জিডি করতে পারেননি। ছেলের এই করুণ দশা নিয়ে লোহাগাড়া থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি এবং কমলাপুরের সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছে। গরিব মানুষ হওয়ায় ঢাকায় গিয়ে মামলা করার কোনো সামর্থ্য তার নেই বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, শিশুটি ৭ মাস আগে বাড়ি থেকে বের হলেও পরিবার থানায় কোনো জিডি বা অভিযোগ করেনি। পুলিশ পরিদর্শক প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ঘটনাটি কমলাপুরের হওয়ায় তাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
মানবাধিকার আইনজীবী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, গত ৭ মাসে প্রায় ১৪ হাজার শিশু নিখোঁজ হয়েছে এবং একটি চক্র অঙ্গ-প্রত্যঙ্গ কর্তন করে তাদের কাজে লাগাচ্ছে। বিএইচআএফ-এর চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান শিশু পাচার ও অঙ্গ পাচার চক্রের বিরুদ্ধে জরুরি সতর্কতা ও সমন্বিত জাতীয় ডাটাবেজ তৈরির দাবি জানিয়েছেন।