উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. ছালমা বেগম লাকি এবং মো. আব্দুর রহিম। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
রোববার বিকেল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের গ্রেপ্তার করা হয় এবং তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।