উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, প্রথম দুই দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও পরবর্তীতে তাপমাত্রা কমতে পারে। সোমবার ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহওয়াবিদ আফরোজা সুলতানা এই তথ্য জানিয়েছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অধিকাংশ বিভাগে বৃষ্টির বিস্তার বাড়তে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।