উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ১৭ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদনে আয়োজিত এই মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
এবারের আয়োজনে বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টি বুথে তাদের পর্যটন পণ্য ও সেবা প্রদর্শন করবে। এতে হোটেল, রিসোর্ট, এয়ারলাইনস ও ট্যুর অপারেটরসহ বিভিন্ন খাতের সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন। মেলায় দর্শনার্থীদের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং প্রবেশ কুপনের মাধ্যমে র্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
সংবাদ সম্মেলনে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল জানান, আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে দর্শনার্থীদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ ও ছাড়ের ব্যবস্থা থাকছে। এছাড়া বিটুবি সেশন, সেমিনার এবং ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’-এর মতো বিশেষ আয়োজন মেলাকে আরও আকর্ষণীয় করে তুলবে।
উল্লেখ্য, মেলাটির টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং থাইল্যান্ড, ফিলিপাইন ও মালদ্বীপ পার্টনার কান্ট্রি হিসেবে যুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।