উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দিতে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে এসব তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। সঠিক তথ্য দিয়ে অস্ত্র উদ্ধারে সহায়তা করলে নির্ধারিত হারে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান হারানো সরকারি অস্ত্র উদ্ধার ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে এই সভা করেন। প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপারের তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে ২ লাখ টাকা পুরস্কার মিলবে। এছাড়া শটগান, পিস্তল ও গ্যাস গানের জন্য ৫০ হাজার টাকা এবং প্রতিটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা হারে নগদ অর্থ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নির্ধারিত সময়ে তথ্য দিলে আইনি সুরক্ষাও মিলবে। তবে আগামী ১৫ নভেম্বরের পর কারও কাছে অবৈধভাবে হারানো অস্ত্র পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই র্যাব-৭ এবং র্যাব সদর দপ্তরের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।