উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হওয়ায় পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্সে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে গেলে তার এই পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন এবং অ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়।
গত ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।
মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি তিনি ঢাকা থেকে যান। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট সম্পন্ন করা হয়।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, এই পরীক্ষার ফলাফল কোর্সের শৃঙ্খলা পরিপন্থি হিসেবে বিবেচিত হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি অসদাচরণ শাস্তিযোগ্য অপরাধ। ১২ বিধি অনুযায়ী তাকে গত ৩১ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।