উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে জানিয়ে সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে আতঙ্কিত না হয়ে সবাইকে সঠিক তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিসিআইসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বরিশালে নবনির্মিত ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন বাফার গুদামের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কৃষকদের কাছে সময়মতো সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে বিসিআইসি কাজ করে যাচ্ছে বলে জানান ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন নতুন এই গুদাম চালুর ফলে বরিশাল অঞ্চলে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা আরও গতিশীল হবে। কোথাও কোনো ঘাটতি বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি বিশেষভাবে আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুল্লাহ। এছাড়া বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক এবং উৎপাদন ও গবেষণা) মো: মনিরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মু. খায়রুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান (বিপণন) মো: মঞ্জুর রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।